কবি উপেক্ষিৎ শর্মা

  


উপেক্ষিৎ শর্মা

 অবসরপ্রাপ্ত ইলেক্ট্রনিক্স ইঞ্জিনীয়ার।লেখকের জন্ম  কলকাতায় হলেও শিশুকিশোর বয়স কেটেছে রাঢ বাংলার লালমাটির রুখু পরিবেশে। যদিও তার লেখায় এই রুখু মেজাজ একেবারেই অনুপস্থিত। একটু অন্য ধরণের লেখার প্রবণতা আছে লেখালেখির সুরু থেকেই।আশির দশকে লেখালেখি সুরু করলেও নব্বই-এর পরবর্তী সময়ে বিভিন্ন কারণে বেশ কিছুকাল লেখালেখি খুব একটা হয়ে ওঠেনি। পরবর্তীকালে নবোদ্যমে সাহিত্যচর্চ্চায়  মনোনিবেশ করেছেন। গল্প অণুগল্প কবিতা ছড়া ইত্যাদি লেখায় বিশেষ আগ্রহী।চারটি কাব্যগ্রন্থ ছাড়া কয়েকটি পত্রিকা সম্পাদনাও করেছেন। বর্তমানে “সিরজা” নামে একটি গল্প পত্রিকা  সম্পাদনা করছেন।

গুচ্ছ কবিতায়

কবি উপেক্ষিত শর্মা










অবক্ষয়

যেখানে দাঁড়িয়ে আছি সেটাও নিশ্চিত অবক্ষয়।

ভয়ে ভয়ে আত্মকথা বলে ফেলি ম্যাজিক্যাল সাহসে।

তোমার কৌণিক দূরত্ব আজ আমার বেডরুমে বায়ুদূষণ।

আপতকালীন শীৎকারে পড়ে থাকে ডালভাতের মৌন করতালি।

আমিও নির্নিমেষ প্রদক্ষিণ করেছি সঙ্গমের আগাপাশতলা।

বৃহন্নলা শীতের ভিজে কম্বলে দেখেছি খাপছাড়া বীতবীর্য পৌরুষ।

নাতিদীর্ঘ উত্তর আকাশ জুড়ে সাদা ক্যানভাস। পলশের রঙ।

সৌরঝড়ের গতিপথে অশ্রুপতনের নির্দেশনামা। যাপনের ড্রপসীন।

এখন এই পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা, এটাই অবক্ষয়ের শেষ মাইলফলক।


বসন্ত চলে গেছে


সময়ের হাইনেক জামাটাই ভুল। বোতাম খুললেই শীত।

কোকিলের কুহুচেরা ঠোঁটে  জাদু বাস্তবতা।

গান আর স্বরলিপির ব্যঞ্জনসন্ধি নিপাতনে সিদ্ধ।

মিতব্যয়ী চোখের পরমায়ু এক’শ ভাগ স্থির বা ধ্রুব নয়।

ব্যস্তানুপাতে ওঠানামা করে নিঃশ্বাস আর

ক্ষরিত শক্তির ভাবাবেগ।

তাই তুমি দ্বিধান্বিত। আমি দ্বিবিধ ইচ্ছের প্রাণপুরুষ।

আত্মরমণের আগে জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করেছে ,

বসন্ত এসে গেছে। আর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে

বসন্ত চলে গেছে এই কবিতার,

এই কবিতার শেষ পংক্তিরও আগে


ক্যানভাসে স্কন্ধকাটা  মুখের আদল


হাতে ছিল রংতুলি ক্যানভাস

নাটকের সংলাপ

হাতে ছিল গোঁফ দাড়ি ফেজ টুপি

চোগা-চাপকান

সঙ সেজে দাঁড়ালেই হাড়গিলে বেহায়া জীবন

শিল্পীর আহ্লাদে পাখি ওড়ে

সাগরের বার্তা খোঁজে ঢেউ

বাতাসের মত সে কৃতবিদ্য নয়


রংতুলি

ক্যানভাস

নাটকের সংলাপ

দড়কচা জীবনের সংশোধনলিপি


ঘটে যাওয়া বর্তমান ঘুরে ফিরে

ইতিহাস আঁকে

মেঘেরা ফসিল হলে ক্যানভাসে জল

পায়ে পায়ে অতীতের ঘাম

কেউ খোঁজে ছেঁড়া পাতা কেউ খোঁজে

বানভাসি মুখ

অবিকল মানুষের মুখ

শিল্পীর অবিকল মেহগনি মুখ


ক্যানভাসে স্কন্ধকাটা মুখের আদল

Comments

Popular posts from this blog

মিহির সরকার

কামাল আহসান

রিয়াদ হায়দার