কামাল আহসান
কামাল আহসান
জন্ম:-১৯৭৩,
পটুয়াখালী জেলার বাউফলথানার উত্তর কেশবপুর গ্রামে।সমাজ বিজ্ঞান বিষয়ে এম এস এস।বরিশালের ব্রজমোহন কলেজ থেকে।
বর্তমানে আমদানি ব্যবসার সাথে জড়িত।বর্তমান বসবাস চট্রগ্রাম।প্রকাশিত গ্রন্থ:- প্রণয়দষ্টিতা -১৯৯৬ (ছোটগল্প) আহসান জেনে গেছে বরফের ছল- ২০০০(কবিতা ) মানুষ মানুষ বলে সুনাম ছড়াবো - ২০১৮ ( কবিতা)।
গুচ্ছ কবিতায়
মায়া
ফুল-ছোঁয়া মায়া হাসে চোখের ছায়ায়
আরো কিছুু মায়া থাকে-
ভোরের হাসিতে থাকে রাত ভোলা দায়।
নুপুরের ডাকে থাকে পায়ে পায়ে বলা
আরো কিছু ডাক থাকে-
সোহাগের ঘুমে থাকে রাত নিয়ে চলা।
জোছনার দেহে হাসে মায়ার খোয়াব
আরো কিছুু হাসি থাকে-
প্রলয়ের পরে হাসে বিরহের ভাব।
সতেজ ঘাটেরা ভাসে দুই রঙা সুখে
আরো কিছু সুখ থাকে-
বঁধূর কলসে সুখ হাসে লালমুখে।
যদি কিছুু ব্যথা থাকে আঁধারের দ্বারে
বাকি থাকে আরো কিছু-
বুকের গহিনে মায়া- টেনে তুলো তারে।
আলোর জনম চেয়ে কাঁদে শত লোক
আরো কিছু লোক থাকে-
জগতের মায়া ছেড়ে শুষে নেয় শোক।
একা নড়ে, একলা নাড়ে
ঘুরতে থাকে অচিন পরান নিজের ভিতর
গঞ্জ-মুখি চোখ দু'খানা খালের পাশে-
খ্যালা দ্যাখে তারই সাথে বদলে গতর
বিকেল ভেঙে একরোখা সব রাখাল হাসে।
পাখির ঠোঁটের লোভে ভাসে খড়কুটা সব
বাড়ির পাশের কিষাণী বৌ মন খারাপের
দাওয়াই জানে, একলা নাড়ে সব কলরব
তাহার থেকে জেনেছি স্বর সঠিক মাপের।
রাখাল তোলে যে সুর ভোরে- দুপুর তাকে
দামাল তোড়ের ঘোরে ফেলে দেখছে নেড়ে
একলা ডাকে নকশা-নিলাম সাঁঝের বাঁকে
শেখায় বিনয় রোদের মতো বিকেল পেড়ে।
ঘুরতে থাকে বোধের রাখাল মেঘলা মাঠের
জলের আদর একলা নাড়ে চোখের ঘাটের।
ঠোঁট
আলোর গড়নে, ঠোঁটের বিধান মনে
বিনীত রোদের গুনে
পথের চতুর পাখি ছুয়েঁ দিলো জিভ
থেমে গেলো পরি-পাঠ আনমনে
বাতাস-বিরহি ক্ষণে
কুন্ডলি দিয়ে হাসে রোদ- বিপ্রতীপ।
ঠোঁটের গণিত জানে গতির শিথান
জলের জিয়লে কাঁপে জান
কালো স্রোতে আলো দেয় নজর-প্রদীপ
ছুঁয়ে দিলে- জোছনা বিলায় গান
বঁধু-জ্বালা চেয়ে মান
জাগে ঠোঁট মাঝরাতে- মিনে গলা ছিপ।
তোমার ঠোঁটে আমার শহর কাঁপছে বিরল বোধে
ছোঁয়ার বাহার সিঁড়ির ঘোরে দালান নাচছে রোদে।


This comment has been removed by the author.
ReplyDeleteভালোবাসার এক নাম # কামাল আহসান, জন্ম০২-০২-১৯৭৩, মৃত্যু ০১-০২-২০২১ রাত ১১.০০, রোড এক্সিডেন্ট চট্টগ্রাম বন্দর, কবর নিজ গ্রামে ০২-০২-২০২১।
ReplyDelete