রাজীব ঘাঁটী

জন্ম:- ১৯৭৮ সালের ১৪ই ফেব্রুয়ারি বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ায়। বিজ্ঞানে স্নাতক। ১৯৯৪ সাল থেকে লেখালিখি। পত্রিকা সম্পাদনা ২০০৪ সাল থেকে। প্রথম সম্পাদিত পত্রিকা নব অধ্যায় । পরে ২০১০ সাল থেকে মাসিক সাহিত্য পত্রিকা " শিল্প ও সাহিত্য" এবং ২০১৪ থেকে ষান্মাসিক "সাহিত্য আলপনা " সম্পাদনা।

১৯৯৯ থেকে ২০০৯ অবধি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পর বর্তমানে দুর্গাপুর ইস্পাত কেন্দ্রে চাকুরিরত ।

একক কাব্য গ্রন্থ নয়টি,আধ্যাত্মিক ১টি। যৌথ কাব্যগ্রন্থ সম্পাদনা ৫৬টি। আধ্যাত্মিক গ্রন্থ রচনা ১টি । 

বাংলাদেশ থেকে পেয়েছেন নজরুল পুরস্কার ,বঙ্গবন্ধু সম্মান, রাহিলা সাহিত্যসম্মান ,রাঢ় বাংলা সাহিত্যিক সম্মান ,সেরা কবি সম্মান সহ ২৬টি সম্মাননা। এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে পেয়েছেন ৯৫ টি সাহিত্য পুরস্কার।

বর্তমানে নজরুল গবেষণারত । সংগঠিত করেন লিটল ম্যাগাজিন মেলা ,কবিতা উৎসব সহ নানা আয়োজনের । কবিতা ছাড়া প্রবন্ধ ,গল্প, রম্য রচনা সহ ছড়া লিখেছেন। 



গুচ্ছ কবিতায়

কবি রাজীব ঘাঁটী



এসো ফুল হই

 

না কাশ আর নেই তেমন, যেটুকু আছে ঝরে

যাওয়া। শিউলি একটু আধটু, এখন হেমন্ত।

ব্যতিক্রমী একটা সময় আমাদের উৎসব

আবহে আজ সাজিয়ে চলেছে ফুল হয়ে। 


কবিতারা বার বার প্রাণ দিতে চাইছে জীবনে,

অক্ষরের উচ্চারণে। সব কেমন যেন নিস্প্রাণ

সব ব্যস্ততা আজ ঝরা ফুলের আবহে।

সময় আমাদের বন্দী করেছে, বড় একাকীত্বে...


সুগন্ধি মেখেছে বাতাস, পুষ্প বার্তায় চেনা

পথ হারিয়েছে তার শেষ। সব নিস্তেজতার মাঝেও

প্রাণ বিতরিছে ফুল। আকাশ, মাটি, গাছ

একইভাবে উজ্জ্বল, আশঙ্কার আবহে। 


সবটুকু সুখ আজ কুসুম হয়ে ফুটে উঠেছে,

এসো সময়ের সাথে ফুল হই,গন্ধ ছড়াই...




আগুন ছুঁয়েছি 


আগুন ছুঁয়েছি, আমার সময়কে আঁকড়ে ধরতে

চেয়েছি আগুন সহবাসে। প্রতিটি স্ফুলিঙ্গ

আমাকে উত্তাপ দিয়েছে, পোড়ায়নি।সঠিক

অর্থে পুড়তেও ভয় নেই, তবে মুখোমুখি। 


সামনে এসে সবটুকু পেতে রাজি কষ্ট কিংবা

সুখ। আগুন ছুঁয়েছি, বার বার ছুঁতে চাই

বার বার অগ্নি শুদ্ধ হয়ে দিতে চাই শ্রেষ্ঠ সবটুকু

আত্মশুদ্ধি হোক আগুন দিয়ে। ভয় কি? 


সেদিন সীতা ভয় পাই নি। সত্য কে কেউই

ভয় পাই না ভয় মিথ্যার জন্য। 

আগুন সত্যকে পোড়ায় না, উজ্জ্বল করে। 

ভরে দেয় আলো দিয়ে। আলোয় ভরে দাও চারপাশ। 


পৃথিবী যুগ যুগ ধরে কত আগুন দেখেছে কত

অহংকার পুড়েছে,মিথ্যা পুড়েছে আর

আগুনের সিংহাসনে বসে জ্বলজ্বল করছে সূর্য। 

কেননা সূর্য সত্য, সূর্য বিশ্বাস আলো আর আলো। 


আগুন ছুঁয়েছি,আগুন ছুঁতে হয়।সময়ের সাথে

পুড়েই শুদ্ধ হয়েছি, আগুনের সাথেই সহবাস।




চলো এগিয়ে যাই 


থামিনি কোনদিন, থামতে চাই না। যতটুকু

বা যেটুকু পেয়েছি সব পথ চলতেই। পথ

চলতেই অনেক সুন্দর অবলোকিত ।ঋণাত্মক

ভাবনায় ভাবিত নই, পিছিয়ে পড়তেও

গররাজি। যেটুকু অহংকার তা শুধুই এগিয়ে

চলার। তাই নিয়ে বেঁচে বর্তে রামধনু পথ। 


হারিয়ে যাবো না কোনদিন তোমার তির্যক

কথায়, কেঁপে উঠছে শরীর তীব্র যন্ত্রণায়।

মৃত আগ্নেয়গিরি ও আগুন উগরে দেয় সময়ের

বদান্যতায়। তুমি চাঁদের কলঙ্ক দেখো আমি

সুকান্তের সুরে বলি ওটা ঝলসানো রুটি।


মানসিকতা থেকেই মানবিকতা।  বদলাবে সময়

অন্ধকার চিরে যে সকালটা আসবে সেটা

আমিই ছোঁব, ব্যবধানে সব ইতি টানবো।

সময় ঠিক আমার হাত ধরে বলবে চরৈবেতি।


Comments

Popular posts from this blog

কামাল আহসান

সুচিপত্র

মিহির সরকার