অনিমেষ মন্ডল
অনিমেষ মন্ডল
জন্ম: ১৪ই ফেব্রুয়ারি, ১৯৭৫, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে।পদার্থবিদ্যায় স্নাতকোত্তর এই কবি পেশায় শিক্ষক। বর্তমানে শিক্ষাবিজ্ঞানে গবেষণারত। কৈশোরে 'পদাতিক' নামে একটি হাতে লেখা পত্রিকা ও পরে 'ডানা' নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৮৯ সালে।সেই থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত কবিতা ও গদ্য লিখে আসছেন। এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা বারোটি ও একটি প্রবন্ধ সংকলন রয়েছে। স্থায়ী বসবাস বীরভূমের রামপুরহাটে।
গুচ্ছ কবিতায়
কবি অনিমেষ মন্ডল
পরিব্রাজক
তারপর একটা প্রান্তরের শেষে এসে দাঁড়ালাম
সেখানে কোনো জনমানবের চিহ্ন নেই
শুধু একটা নম্র আকাশ
দূরে আনত হয়ে
আদিগন্ত সমুদ্রের জল পান করছে
তারপর আবার অনন্য ঋজুতায়
ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশে
চারিদিকে আলো
আলোর নিঝুম কণা
অবিশ্বাস্য গতিবেগে ছুটে যাচ্ছে দিগ্বিদিক
সহসা মনে হলো
আমরা যারা আজীবনের পথিক
তাদের ক্লান্তি নেই
চিরজীবিতের ব্রত আছে শুধু
উৎসব
তোমার গভীর অতল থেকে
একটা আলো আসছে
এই আলো সৌরবন্দনার নয়
নিভৃত প্রাণের উপর
নরম চুম্বন...
আমি তার রেখা ধরে ধরে
পর্বতের সানুদেশে মাস্তুল নামিয়েছি
সহসা কেঁপে উঠল অরণ্য
কেঁপে উঠল গুহালিপি
আমাকে ভেতরে আসতে দাও
এই আয়োজন সম্পূর্ণ করো
স্নায়ুপ্রান্তে জ্বলে উঠছে সুতীব্র ফসফরাস
ঐশ্বরিক
সূর্যাস্তের নরম আভা এসে পড়ছে
আমাদের জাগতিক চাওয়া পাওয়ার উপর
এখন এত নীরবে তারা ঘুমিয়ে আছে
যে শ্বাস বায়ুর চলাচল ছাড়া আর কোনো শব্দ নেই
ঐ প্রগাঢ় ঘুমের ভিতর
আমাদের সন্ন্যাস প্রশান্ত হয়ে আছে
ওকে এই অবেলায় ডেকে
সবকিছু তছনছ কোরো না
তাহলে আগুনের লেলিহান শিখাগুলি
নৈঋত থেকে নেমে এসে
গ্রাস করবে চরাচর
ঈশ্বর যে আত্মজাগরণ ছাড়া আর কিছু নয়
একথা তখন মনে থাকতে নাও পারে


Comments
Post a Comment