পবিত্র মন্ডল
পবিত্র মন্ডল
জন্ম:- বনগাঁ মহকুমার গোপালনগরে ১৯৫৮ সালে। বনগাঁ কলেজ থেকে ১৯৮০ তে স্নাতক ও ১৯৮২ তে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে স্নাতকোত্তর ডিগ্রী পাশ করেন । ১৯৮০তে কোলকাতার ট্যাংরা পোষ্টাফিসে চাকরি, ১৯৮৪তে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষকতা । ১৯৮৯ সালে বিসিএস পাশ করে মুর্শিদাবাদে বিডিও, নানান জেলায় বিভিন্ন পদে কাজ করে ২০১৮ তে পশ্চিমবঙ্গ ভূমি দপ্তরের বিশেষ সচিব পদে অবসর নেন । বর্তমানে ল্যান্ড ট্রাইব্যুনালে বিচারকের পদে নিযুক্ত।কলেজে পড়ার সময়ে লেখা শুরু। প্রকাশিত কবিতার বই ৪টি, ছোট গল্প সংকলন ১টি। ইংরেজী কবিতার বই (যুগ্ম) ১টি ।
কবিতাহীন
হেঁজে যাওয়া অক্ষরে ঢেকেছে পাতা !
অক্ষর জুড়ে জুড়ে শব্দের শরীর
শব্দের পিঠে শব্দ রেখে জীবন -
সে হয়ে উঠল না !
নিরন্তর চিৎকারে ফেরা !
ফোটা ফোটা জলে ব্যপ্ত অনুভব
সুরেলা প্রাণের আনাগোনা -
তেমন কিছু মিললো কই !
নিষ্প্রাণ সাহচর্যে নিস্পন্দন !
বিন্দু বিন্দু ভালোলাগা নিয়ে বিশ্বাস
নির্ভরতায় সিড়িতে উচ্ছ্বাস
অপূর্ণ বয়ে যাওয়া কবিতাহীন !
জীবন
মাটি-আলো-বাতাস-জল যে প্রাণ ফোটালো
সে মহান আশীর্বাদ ! এভাবে শুরু : শেকড়ে,পাতায় !
হাওয়া বয়ে এনেছে শ্বাস,ভ'রেছে আধার,
উছলে উঠেছে রূপ-রস-গন্ধ-ছন্দ-ছোঁয়া !
জীবন গড়েছে, প্রাপ্য যা নিখুঁত জমেছে দিনে দিনে:
আনন্দের ভাগ,শোধন করেছে দু:খ,কমতি নেই কিছু !
জীবন কখনও শূণ্য নয়,সেজেছে পলে পলে,
পাওয়া শুধু - মধুময় দেখা,বুঝে নেওয়া !
কী সুন্দর বেঁচে থাকা,তাই কি সংক্ষিপ্ত এত
উৎসবের রাতের মতো - পলকে নিভে যাওয়া ?
বেঁচে থাকায় অশেষ টান তবু,শেষ মুহূর্ততক ভরপুর
অজানা আখ্যানে,উত্তেজনায় প্রিয় জীবন যেমন !
সম্মোহন
আঁধার-লাগা সবুজ সম্মোহন ভাববো শুধু -
মুগ্ধ ঢেউয়ের নি:শব্দ ওঠা-পড়া,
তুলিতে আঁকা সে জাদু নিস্তব্ধতা !
উদভ্রান্ত ওড়া-উড়ি আর নয়,
অস্থিরতা মুছে নেবো,
নিবিষ্টতায় ডুবে যাবো !
সবাই ফিরে গেছে,
যারা ছিল দিনভর শ্রান্তিহীন !
অবিচ্ছিন্ন সুখ এসময়ে নেমে আসে ...
মিশে যাবো মোহন সবুজে নিবিড়,
পিছু টেনে ধ'রবে না আর হিজিবিজি ভিড় -
পরে নেবো চাঁদের স্নিগ্ধতা শীতলতা মেখে !


Comments
Post a Comment