অরূপ দত্ত

 

অরূপ দত্ত

জন্ম:- ৩১ আগস্ট, ১৯৬৯। দক্ষিণ ২৪ পরগনা, ডায়মন্ডহারবার থানার অন্তর্গত কামারপোল নামক গ্রামে। ছোটবেলা থেকেই কবিতার প্রতি ভালোবাসা। পদাতিক, গ্রামনগর, শূন্য দশক পত্রিকা সহ বিভিন্ন লিটিল ম্যাগাজিনের সাথে নিবিড় যোগাযোগ। প্রায় দীর্ঘ তিরিশ বছর ধরে লেখা লিখি। প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ, ' মৃত্যুর নিজস্ব বিছানা' তার পর যথাক্রমে ' জোনাকি প্রলাপ ' ও ' ক্ষত পরিক্রমা ' এখনো নিয়মিত কবিতার সাথেই ঘর গেরস্হালি।


গুচ্ছ কবিতায়
কবি অরূপ দত্ত




অলীক উচ্চারণ 


পতঙ্গের ডানা খসে গেলে,

   পিঁপড়ের বাসায়

               খুশির দামামা বেজে ওঠে... 


   অশ্রুর বিপরীতে

             এমনই কত আহ্লাদ থাকে সব। 


   বিষন্নতা ঘনীভূত হলে,

           একা একা পুড়ে যায় 

                    পতঙ্গের বসতি, স্বজন। 


   তবু রাত্রিবেলা ঘুম নেমে আসে,

           প্রাচীন তানপুরাটির ন্যায়

                  একদা ম্লান হয়ে যায়

                             সকল ব্যথা, অনুভব। 


   স্মৃতিজলে ভেসে থাকে শুধু,

                  মানুষের রেখে যাওয়া কিছু

                                      অলীক উচ্চারণ।



দিনান্তে 


  ঝড়-জল কখন নামবে

                       কেউ বলতে পারে না। 

   ক্ষত বিক্ষত পথের ওপর

              আমি জলের মত গড়িয়ে যাই শুধু। 

   প্রয়োজন বলে দেয়,দিক

   জানি, ঝড় ঝাপটা পেরিয়ে

                         কত দূর যাওয়া যায়। 

   ফেরার জন্য কতটা সময়

                     রেখে দিতে হয় তালুর ভেতর। 

   গোপন রাখি

              আমার এই যাওয়া আসা, 

                            খুঁদ কুঁড়ো যেটুকু সঞ্চয়।

   দিনান্তে একমাত্র আমিই জানি

                   আমার ক ফোঁটা অশ্রু,

                         আর ঠিক কতটা অভিনয়।



ঘুমের ভেতর 

   জনপদ আকাশের মত,
                মানুষ মেঘ হয়ে ওড়ে...

   পথ জানে, পথের বিস্তার,
            মানুষের সদর পেরিয়ে
                     পথ তবু ঢুকে পড়ে 
                           অনন্ত ঘুমের ভেতর। 

   এখানে কান্না
              শিউলি ফুলের মত ঝরে পড়ে,
              আর তাকে পিষে দিয়ে চলে যায় 
                                          তীব্র ডানলপ।


Comments

Popular posts from this blog

কামাল আহসান

সুচিপত্র

মিহির সরকার