রুদ্র কিংশুক
রুদ্র কিংশুক
কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ছোটদের গল্পলেখক, রুদ্র কিংশুক নব্বই দশকের কবি। ইংরেজি ও বাংলা--- দুই ভাষাতেই তিনি লেখেন মৌলিক কবিতা। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর একাধিক কাব্যগ্রন্থ, অনুবাদ সংকলন ও ছোটদের গল্পের বই। সাহিত্য রচনার জন্য তিনি ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন দপ্তর কর্তৃক প্রদত্ত ফেলোশিপ ছাড়া পেয়েছেন একাধিক সম্মাননা।
গুচ্ছ কবিতায়
রুদ্র কিংশুক
কবিতা ১
প্রান্তদেশ থেকে অন্তরঙ্গ তরঙ্গ ভেসে ওঠে
আমি তার মৃদু আলোকমুগ্ধ পাখি, আকাঙ্ক্ষা
উড়ে যাবো একদিন এই জলাশয় থেকে, মহাশূন্যে
এমত ভাবি এবং কাদাজলে ডুবি, পালক ভেজাই গেঁড়িগুগলির গন্ধে মৌতাত করি, ভেঙে পড়ি
এবং ওঠার কথা ভুলে যাই, সঙ্গীহারা
নন্দনঘাটের ব্রিজের ওপর সূর্য ডোবে, চাঁদ ওঠে মাল্লারবিলের জল কামলহরী, অমিয়
যার গভীরে আগামীর স্মৃতিকে দেখে মিতবাক
আমি পাখি, তুমি আমাকে আয়না ভেবেছো কখনো
কবিতা ২
শূন্যতাকে অনুবাদ করি প্রেমে,তাকে ধারণ করি
যেভাবে মাটিতে বীজ অথবা আগুনে নিবেদিত সমিধ
ভাঙতে ভাঙতে স্ফুলিঙ্গ, রূপান্তর, রুদ্ধবাক
পাখি ফিরে আসে বাসার কাছে, ডিমের বিভায়
কীভাবে চিন্তাসূত্রে ফুলেরা হয়ে ওঠে মালা
কেউ কেউ তার চকিত বিদ্যুৎ জানে, অথবা জানেনাকেউ
কবিতা ৩
মাঘ এসে গেল, তার আহবান আদিগন্ত নিশান
কত যুগ পরে দাঁড়াবো মানিকহার মাঠে, বিস্মৃত মাজারে
সোলেমানি পাথরের মালা ছোঁয়ালেই আমি
পাথরপ্রাণ জেগে উঠব নদীর মোহনায়, শস্য খামারে


চিত্রকল্প ও ভাষার মেদুরতা ঈর্ষণীয়
ReplyDelete