মাসুদার রহমান
মাসুদার রহমান
জন্মঃ ০১ সেপ্টেম্বর ১৯৭০, জেলাঃ জয়পুরহাট, উপজেলাঃ পাঁচবিবি, গ্রামঃ সোনাপা ।পেশায়ঃ স্কুল শিক্ষক।প্রকাশিত গ্রন্থ সংখ্যাঃ ১৩, প্রকাশিত কাব্যগ্রন্থ সংখ্যাঃ ১০।কাব্যগ্রন্থঃ হাটের কবিতা, উত্তরবঙ্গ সিরিজ,সমুদ্র, মাসুদার রহমানের কবিতা, ডাকবাংলো ,ডায়ালের জাদু ,ভ্যান গঘের চশমা ,হরপ্পা, কামরাঙা গাছ রাজি হচ্ছে না, চাঁদের বই।
গুচ্ছ কবিতায়
কবিতা
পাউরুটির পেট কেটে সবজি ও কাটলেট
পুরিয়ে
খেতে গিয়ে ভাবি নতুন কবিতা নিয়ে
ভাবি; অপর অথবা পুনরাধুনিক কবিতা কি !
এর মধ্যে একটি গরম চায়ের কেটলি চলে আসে
যা আসলে দুধ ছাড়া
লেবুগাছ গাভীর ভূমিকা রাখে বিধবা চায়ের কাপে
বাবা
জঙ্গলের পাশে বাড়ি। বাবা হারিয়ে গেছেন
জঙ্গলে
ছেলে ও মেয়েকে নিয়ে মায়ের মুখভারি সংসার
স্কুল পড়ুয়া ছেলেটি
ড্রয়িং খাতায় পেন্সিলে ছবি আঁকে জঙ্গলের
এখনও স্কুলে নাযাওয়া মেয়েটি
ইরেজার ঘষে ঘষে জঙ্গল ফিকে করে-
দেখে, সাইকেল চালিয়ে বাড়ি ফিরছেন বাবা
ডার্চ সৈনিকের বউ
একজন ডার্চ সৈনিকের মৃত্যুদিনে আমাদের শহরে
লোডশেডিং বেড়ে যায়
প্রতিবার মোমবাতি জ্বালাতেই ভুলে যাওয়া দিনটিকে
মনে পড়ে
শরীরে আগুন নিয়ে মোমের কান্নাগুলো গলে যাওয়া দেখি
ধবধবে সাদামোম মৃত ডার্চ সৈনিকের বিধবা স্ত্রী


Comments
Post a Comment