হামিদ রায়হান

হামিদ রায়হান

এই কবির লেখালেখি ’৯০ দশক থেকে। ইংরেজি ভাষাতত্ত্ব , ভাষাশিক্ষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। প্রথম কবিতার বই 'টোটেম ও জলতমা’ প্রকাশিত হয় ১৯১৪-এ। বাঙলা প্রকাশ থেকে ২০১৯ সালে বেরোয় গদ্যের বই ’অস্তিত্বে জরতরঙ্গ’। বাংলায় প্রথম অবচেতনা তত্ত্বের ওপর উপন্যাস ’মুমূর্ষুতার পুত্রকন্যা’। Amazon.com এর প্রকাশনা Thus Speaks Powerism ।সম্পাদনা করেন কবিতা বিষয়ক ছোট কাগজ ’উত্তরপুরুষ’। উত্তর উপনিবেশিক সাহিত্য, প্রাচ্যতত্ত্ব, নন্দনতত্ত্ব ও দর্শনে রযেছে তাঁর আগ্রহ।  বাংলা ও ইংরেজি দু’মাধ্যমে লিখছেন। এইমে সিজায়েরর ও রবীন্দ্রনাথ তাঁর পছন্দের সাহিত্য ব্যক্তিত্ব। প্রকাশিতব্য বই  Postcolonializer Mind ।



গুচ্ছ কবিতায়
কবি হামিদ রায়হান



অপেক্ষা


যে আসছে আলো করে আমাদের ঘর; বরণডালায় আঁকি স্বপ্নের সীমানা।

তাকে ঘিরে সারা বাড়ি চলছে আনন্দ প্রস্তুতি, রেখা ও রঙে মূর্ত দিনরাত 

ভেতরে ভেতরে আমি প্রচণ- শংকিত স্বাগত জানাব সেই আকাশ কোথায়

কোথায় তেমন সুস্থ মাটি অক্সিজেন চিৎকারে জানাবে তীব্র পৃথিবী আমার


আসছে ঐ যে বাঘ যতই চেঁচাই সকলেই বোঝে ওটা বাঘ-বনসাই

আসছে যে পৃথিবীও তার সেরকম; বিপরীতে গোনে তারা সূর্য ফোটা কাল।

তার মুখ নিয়ে জেগে উঠবে পৃথিবী ‘ভয়হীন চিত্ত যেথা’ 

একলব্য সকাল


পৃথিবীতে এখন প্রচণ- শীতকাল।



উঁচু হচ্ছে চিৎকারসমূহ 


হে  লাল-সবুজ আমাকে ঝরতে দিব না সহজে

বাইরে বিস্তৃত হাত কাছে দূরে ওড়ে পরিত্যক্ত ধাতু

আমি তাকে নাম ধরে ডাকি পশুহননের সন্ধ্যেয়  

চলেছে আমার সঙ্গে এঁকেবেঁকে, অতিসম্মোহনে


ক্রমশ শরীর ভারি হচ্ছে টের পাচ্ছি অল্পসল্প

অগ্নি ধীরে নিভে আসছে পাহাড়ও বজ্ররহিত

শরীরে সর্বত্র হাত-পা ছুঁড়ছে আমার কবিতা

চম্পকযজ্ঞের পূর্বে উঁচু হচ্ছে  চিৎকারসমূহ


পাহাড়ে শুকাচ্ছে রক্ত, কণ্ঠ আমার বোনের

শূন্যে ভাসমান আমি মাতৃরোদ উড়ছে বাতাসে

বহুদূর চলে গেছি ঘুমেও লুপ্ত সাংখ্যের ব্যজ্ঞনা 

অবিদ্যায় মোড়ে থাকা গুপ্ত লিঙ্গলিপ্তির সংঘর্ষ

ভুলে যাচ্ছি তার নাম যার কণ্ঠে বিঁধে ছিল গান

তবে কি কবিতা ধাতুখ- থেকে পড়ে যাওয়া আমি?



আপাতত লিখছি বাকিটা


আসছি, জননী, ধৈর্য্য ধরো, চাঁদ উঠছে মাথায় 

আমাকে লিখতে হচ্ছে বাহান্ন ও রক্তমাখা শার্ট 

এখানে বাকিটা লেখা হবে, দাঁড়াও, মাথাটা বেরুচ্ছে 

এ গ্রীষ্মে, মা, আমি নিরুপায়, বনে ঘুরছে দমকল 


পথে নামে চাঁদ তুমি রেখে গেছ পাখির জীবন

মাথার ওপর কানাঘুঁষা, গৃহপালিত কৃষিগান

বাঁশকেল্লাভস্মতলে আজ তুমি মৃতদের পাড়া

পোড়া বারান্দায় হেঁটে গেছে আজ বজ্রাহত শিশু


মিথ্যে প্রলাপ, এই ধরো, ভরে উঠছে চেনাজগৎ

কে কাকে শুনছে সময়টা পচা ডিমের কুসুম

শেখায় ধর্ম ও অধর্মের নীতি নতুন উপায়ে

পৃথিবী বস্তুত জননী কঠিন হে সুপেয় পাখি

জানাতে এসেছি মুষ্ঠি তুলে রেখ ঘুমের গভীরে  

আপাতত লিখছি বাকিটা, এরপর হব ইতিহাস 








Comments

Post a Comment

Popular posts from this blog

কামাল আহসান

সুচিপত্র

মিহির সরকার