পার্থসারথি গায়েন

 

পার্থসারথি গায়েন

জন্ম:- ৬ মে,১৯৫৩। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্থি থানার গড়খালি গ্রামে। বর্তমানে কলকাতার ঢাকুরিয়া এলাকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক।পরে ডব্লিউ বি সি এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি ও খাদ্য দপ্তরের ডাইরেক্টর হিসেবে অবসর। কবিতার পাশাপাশি উপন্যাস, নাটক,গল্প লেখায় তাঁর কলম সিদ্ধহস্ত।

পুরস্কার ও সম্মাননা:- ভাষাবিদ ড. শহীদুল্লাহ স্মৃতি পুরস্কার, বনানী সাহিত্য পুরস্কার, পন্ডিত মদন মোহন তর্কালঙ্কার স্মৃতি পুরস্কার,বঙ্কিম সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ থেকে পেয়েছেন একাধিক সাহিত্য সম্মাননা।

প্রকাশিত কাব্যগ্রন্থ:-এসো হৃদয় খুঁড়ি,টাঁড় বনের উপকথা প্রভৃতি।




গুচ্ছ কবিতায়
কবি পার্থসারথি গায়েন



আত্মসম্মান


তোমার নিজেকে তুমি যদি

ঠিক ঠিক ভাবে সম্মান করতে শেখো

তোমাকেও মাথা হেঁট করে

সসম্মানে সিজদা করতে বাধ্য হবে

দুর্বিনীত শয়তান ইবলিশও।


সাধারণ স্টেশন চত্ত্বর ভরে থাকে

পুঁথি গন্ধময় আবর্জনা স্তূপে

মেট্রো রেলে কিন্তু থুথু ফেলবার ও

                       দুঃসাহস দেখায় না।



সোনালি সকাল


বজ্রমুষ্ঠি মিছিলের চলমান পথ

দীর্ঘ থেকে আরও দীর্ঘতর

প্রত্যয়ের বলিষ্ঠ বলয়ে আজ

যূথবদ্ধ কংক্রিটের ছাপ

আহা! সোনালি সকাল বুঝি

এ পথের প্রান্তদেশে!


উদগীরণ ক্লান্ত পৃথুলা মিছিল

এলোমেলো, ঘরমুখো

গুরুভোজী-ঝিমধরা অবসন্ন হাতগুলো

বেহুঁশ রোগীর মতো

নুয়ে পড়ে তীব্র ক্লান্তি ভরে

হায়,সোনালি সকাল! তুমি এখন ঘুমিয়ে পড়ো।



নটরাজ মূর্তি


নিন্দাদক্ষ নিন্দুকের সুতীব্র ছোবল

সইবার সীমাহীন সহ্যশক্তি নেই যার বুকের পাঁজরে

খ্যাতির বরনডালা তার কাছে হায়

দৃষ্টি অগোচর দূরতম নীহারিকা


সেইসব ক্ষীণজীবি মানুষের

মেরুদণ্ডহীন ছবি শুধু লটকানো থাকে

ওমভরা নিজস্ব ঘরের কুলুঙ্গিতে

বাইরের ঝুল বারান্দায় কিছুকাল মাত্র


বুক পেতে হাতুড়ির নির্মম আঘাত

নিতে পারে যে কঠিন প্রস্তরের স্তূপ

শুধু তারই বুকের গহন থেকে

জেগে ওঠে আনন্দ সুন্দর মূর্তি,নৃত্যরত নটরাজ


Comments

Popular posts from this blog

কামাল আহসান

সুচিপত্র

মিহির সরকার